শিরোনাম

মাইন বিস্ফোরণে এক যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
মাইন বিস্ফোরণে এক যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
আহত বদিউল আলম

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালীর সীমান্তের নাফ নদীর মধ্যভাগে শূন্যরেখার একটি দ্বীপে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম বদিউল আলম। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।

জানা গেছে, মাইন বিস্ফোরণের বিকট শব্দ শুনে স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে আহত বদিউল আলমকে উদ্ধার করে বালুখালীতে নিয়ে আসেন। বিকাল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে উখিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

বিজিবি জানায়, বদিউল আলম উপজেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের নোয়াপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখায় মাছ ধরতে গিয়েছিলেন। সেখানেই তিনি আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে।

উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিনি আহত হয়েছেন। সীমান্তবর্তী এলাকায় জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আরাকান আর্মি দেড় বছর ধরে সীমান্তের বিভিন্ন স্থানে নিষিদ্ধ মাইন পুঁতে রাখছে। তাতে টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলার জেলে ও কৃষক হতাহত হচ্ছেন। জ্বালানির কাঠ সংগ্রহ কিংবা কৃষিকাজ করতে গিয়ে অনেকে হতাহত হয়েছেন।

/এসআর/