শিরোনাম

চুয়াডাঙ্গায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ২

চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ২
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে এক স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় এসব ‍দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে আজিমুল ইসলাম (১৪)। সে স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অন্যজন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মাঠপাড়ার রেজাউল ইসলামের ছেলে রাসেল আলী (২৫)।

বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল স্কুলছাত্রের

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. আবু সাঈদ জানান, বৃহস্পতিবার স্কুলছাত্র আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই আজিমুল মারা হয়।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিমুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ভুট্টাখেতে কাজ করার সময় কৃষকের মৃত্যু

এদিকে, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. তরিকুল ইসলাম জানান, ভুট্টাখেতে কাজ করছিলেন কৃষক রাসেল আলী। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাসেল আলীকে মৃত ঘোষণা করেন।

/এফআর/