শিরোনাম

চুয়াডাঙ্গায় আমির হামজার পরিবারের ওপর হামলা

সিটিজেন ডেস্ক
চুয়াডাঙ্গায় আমির হামজার পরিবারের ওপর হামলা
আমির হামজার পরিবারের ওপর হামলা

চুয়াডাঙ্গার জীবননগরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার হাসাদাহ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, একটি ইজিবাইককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন আহত হন বলে জানা যায়।

আহত হাফেজ আবু বক্কর সিদ্দিক দাবি করেন, একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে তাদের ওপর আকস্মিক হামলা চালানো হয়েছে। এতে তিনি আহত হন।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর সরাসরি কোনো হামলার ঘটনা ঘটেনি। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, এমপির শ্যালকের সঙ্গে একটি ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে তর্কবিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/