শিরোনাম

নীলসাগর এক্সপ্রেসের ৭ বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত

বগুড়া সংবাদদাতা
নীলসাগর এক্সপ্রেসের ৭ বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত
ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগির মধ্যে ৭টি উদ্ধার হয়েছে। বাকি দুইটি উদ্ধারে চলছে তৎপরতা। পাশাপাশি চলছে রেললাইন মেরামতের কাজও।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এছাড়াও, ঈশ্বরদী-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। অন্যদিকে, উত্তরের ওই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো এই স্থানে যাত্রী নামিয়ে দিচ্ছে। পরে তারা হেঁটে দুর্ঘটনাকবলিত স্থান পার হয়ে অন্য ট্রেনে নিজেদের গন্তব্যে যাচ্ছে।

এর আগে, বুধবার বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধ-শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। এতে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।

/এসআর/