শিরোনাম

বগুড়ায় কুকুরকে ছুরিকাঘাতের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া সংবাদদাতা
বগুড়া সংবাদদাতা
বগুড়ায় কুকুরকে ছুরিকাঘাতের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার
গ্রেপ্তারের প্রতীকী ছবি। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে স্বপন আহম্মেদ নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে নগরীর বকশিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন রহমান নগর এলাকার আব্দুস সালামের ছেলে।

এর আগে সোমবার রাতে প্রাণী নির্যাতনের অভিযোগে ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক মো. এমরান হোসেন বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, সোমবার দুপুরে কানছগাড়ী এলাকায় একটি পথ কুকুরকে ছুরিকাঘাতের খবর পেয়ে এমরান হোসেন ঘটনাস্থলে যান। ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলির ড্রেনে তিনি কুকুরটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় সাদিকুল ইসলাম ও রাফিদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা শেষে প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বাদীর অভিযোগ, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপন নামে এক ব্যবসায়ী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধারালো ছুরি দিয়ে পথ কুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন। আহত প্রাণীটির চিকিৎসা নিশ্চিত করা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শের কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

/এসআর/