শিরোনাম

ছাত্রদলের সাবেক নেতার মুক্তি দাবিতে সড়ক অবরোধ

ভোলা সংবাদদাতা
ছাত্রদলের সাবেক নেতার মুক্তি দাবিতে সড়ক অবরোধ
টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

ভোলায় কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাকির হোসেন ফরাজির মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছে তার সমর্থকরা।

বুধবার (৬ মে) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বাংলাবাজারে টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে তারা। এসময় ওই রুটে যান চালাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীসহ দূরপাল্লার যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) মধ্যরাতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা জাকির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক মো. জাকির হোসেন ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা। তিনি একাধিক মামলার আসামি। লঞ্চে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মঙ্গলবার বিকালে ভোলা সদর থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।

এদিকে, জাকিরের অনুসারীরা তাকে নির্দোষ দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাই জাকিরের মুক্তির দাবিতে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করছেন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।

ভোলা সদর থানার পরির্দশক (তদন্ত) মো জিয়াউদ্দিন জানান, খবর পেয়ে ভোলা সদর থানা ও দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ভোলা-চরফ্যাশন রুটে যান চলাচল স্বভাবিক রয়েছে।

/এসআর/