শিরোনাম

বরিশাল সিটির সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
বরিশাল সিটির সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকালে নগরীর নাজিরের পোল এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ রফিকুল ইসলাম খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আইন ও রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তিনি বরিশাল ল কলেজের সাবেক ভিপি, বরিশাল সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এবং পরবর্তীতে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি মামা খোকন নামেও পরিচিত।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন রফিকুল ইসলাম খোকন। মহানগর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

এদিকে, তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর রাজনৈতিক ও আইনজীবী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/