শিরোনাম

হামলার বিচারের দাবিতে ঢামেক চিকিৎসকদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
হামলার বিচারের দাবিতে ঢামেক চিকিৎসকদের আল্টিমেটাম
দুপুরে ঢামেকর প্রশাসনিক ব্লকে আয়োজিত ইন্টার্ন চিকিৎসক সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সিটিজেন জার্নাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

ইন্টার্ন চিকিৎসক সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম বলেন, সকালে বিক্ষোভ শেষে তদন্ত কমিটির ছয় সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। কমিটি জানিয়েছে, তারা সুপারিশমালা চূড়ান্ত করেছে, যেখানে ইন্টার্নদের উত্থাপিত দাবিগুলো প্রতিফলিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দোষীদের পরিচয় প্রকাশ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. নাবিল আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে স্পষ্ট নির্দেশনা জারির দাবি রয়েছে তাদের।

তিনি জানান, দিনাজপুর মেডিকেল কলেজেও একই দিনে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে একযোগে কর্মসূচি দেওয়া হবে।

এর আগে বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে এক অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসা দিতে গিয়ে হয়রানির অভিযোগকে কেন্দ্র করে চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল প্রশাসন ও পুলিশের সমন্বয়ে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়।

চিকিৎসকদের চার দফা দাবির মধ্যে রয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে মামলা, শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং হাসপাতালের জরুরি বিভাগে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ মোতায়েন।

/এসএ/