শিরোনাম

কোরবানি সামনে রেখে জোর প্রস্তুতি গরুর হাটে

কোরবানি সামনে রেখে জোর প্রস্তুতি গরুর হাটে

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে অস্থায়ী পশুর হাটগুলোর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। হাটের মাঠ প্রস্তুত করা এবং বাঁশ-খুঁটি দিয়ে অবকাঠামো তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১৯ মে) বিকালে রাজধানীর মিরপুরে কালশী বালুর মাঠে এমন চিত্র দেখা গেছে। ১৬ বিঘা এলাকা জুড়ে বসবে এই হাট।

কোরবানি সামনে রেখে জোর প্রস্তুতি গরুর হাটে 1
মিরপুরে কালশী বালুর মাঠে প্রস্তুত হচ্ছে কোরবানির পশুর হাট

হাটের নির্ধারিত সীমানায় প্রবেশ করতেই কানে আসে হাতুড়ির ‘ঠকঠক’ শব্দ আর শ্রমিকদের হাঁকডাক। বিশাল এলাকা জুড়ে বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে পশুর নিরাপত্তা বেষ্টনী ও শেড। শত শত বাঁশের খুঁটি মাটিতে পুঁতে, সেগুলো দড়ি দিয়ে বেঁধে পশু রাখার জন্য দীর্ঘ লাইন তৈরি করছেন শ্রমিকরা।

শুধু খোলা মাঠই নয়, রাস্তার পাশে এবং খালি জায়গায় বিশাল প্যান্ডেল তৈরি হচ্ছে। তীব্র রোদ অথবা বৃষ্টির হাত থেকে ক্রেতা-বিক্রেতা এবং কোরবানির পশু সুরক্ষিত রাখতেই এই আগাম ব্যবস্থা। কিছু জায়গায় মাটি ও আবর্জনা পরিষ্কার করে মাঠ সমান করার কাজও চলছে সমান তালে।

হাটের প্রবেশমুখ এবং আশপাশের প্রধান সড়কে ব্যানার টাঙিয়েছেন বিভিন্ন ইজারাদাররা। বেশ কিছু তোরণ বানাতেও দেখা গেছে।

কোরবানি সামনে রেখে জোর প্রস্তুতি গরুর হাটে 4

হাটে কর্মরত শ্রমিকরা জানান, গত ৮ মে থেকে তারা হাট প্রস্তুতির কাজ শুরু করেছেন। আগামীকাল বুধবারের (২০ মে) মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছেন।

হিরু রায় নামের একজন শ্রমিক বলেন, আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির পশু আসতে শুরু করবে। এর আগেই আমরা হাট প্রস্তুতির কাজ শেষ করতে পারবো।

কোরবানি সামনে রেখে জোর প্রস্তুতি গরুর হাটে 5

এবার রাজধানীতে মোট ২৬টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসবে ১৩টি হাট। মোট ৫ দিন এসব হাটে কোরবানির পশু কেনাবেচা হবে। যদিও ইজারাদাররা নির্ধারিত সময়ের অন্তত ৪ থেকে ৫ দিন আগে থেকেই পশু বিক্রি শুরু করে দেয়।

/এফসি/