শিরোনাম

ঢাকার চারপাশে নৌ-চলাচলে কাজ করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকার চারপাশে নৌ-চলাচলে কাজ করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী
শেখ রবিউল আলম (ডানে) ও ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম (বামে)

ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল সচল করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বুড়িগঙ্গা, বালু, ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে ওয়াসা, বিআরটিএ, পর্যটন কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) ডিএসসিসির আয়োজনে বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে পুনর্জীবিত করায় ডিএসসিসির এই উদ্যোগের প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেন।

শেখ রবিউল আলম আরও বলেন, আমরা নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করছি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এটি একটি অনন্য উদ্যোগ। আদি ঢাকার এই সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে। পাশাপাশি ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে বলেও জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে। এই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।

এ সময় ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের কথা উল্লেখ করেন ডিএসসিসির প্রশাসক। তিনি বলেন, এ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র‍্যালি, নাট্য উৎসব, চলচ্চিত্র নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। এছাড়া কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

/জেএইচ/