শিরোনাম

দুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ, নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ, নেপথ্যে কী?
মোমের আলোয় পড়ছে এক স্কুল শিক্ষার্থী

রাজধানীর এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে থেকে তেজগাঁও-বাংলামোটরসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত ওই সাবস্টেশনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সূত্র জানিয়েছে, উপকেন্দ্রটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার স্বার্থে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার ও ইস্কাটনসহ আশপাশের বিশাল একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে ট্রাবলশুটিং ও বিকল্প লাইনের মাধ্যমে ইতিমধ্যেই কিছু কিছু এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন, অতিরিক্ত দায়িত্ব) রবিউল হাসান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটির মেরামত ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ডিপিডিসির প্রকৌশলী ও টেকনিশিয়ানরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছেন। সব পরিস্থিতি অনুকূলে থাকলে আজ রাত ১০টার মধ্যে ক্ষতিগ্রস্ত পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস বা ডিপিডিসি কর্তৃপক্ষ।

/এসবি/