ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ভবন থেকে বের হচ্ছে ধোঁয়া

ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ভবন থেকে বের হচ্ছে ধোঁয়া
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ইন্সপেক্টর আনোয়ার হোসেন সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। সেখানে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। প্রতিটি গুদামই তালাবদ্ধ। তালা ভেঙে ভেতরে গিয়ে আগুন নেভাতে সময় লাগছে।

ভবনের ভেতরে এখনো ধোঁয়া উড়ছে। পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। সরু গলি হওয়ায় কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে।

চকবাজার এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, এই এলাকার ভবনগুলো একটির সঙ্গে আরেকটি যুক্ত। এতে তাঁরা খুব দুশ্চিন্তায় আছেন।

চকবাজারের বাসিন্দা ইব্রাহিম বলেন, বিকেল ৫টায় মনজুর খান প্লাজায় আগুন লাগার খবর শুনেই বাসা থেকে বের হয়ে কাজ করছি। ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও স্বেচ্ছাসেবী হিসেবে সহায়তা করছি। শুরুতে আগুন কম ছিল। ৬টা-৭টা পর্যন্ত বেশি ছিল। এখন একটু কমছে। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ভয় রয়ে গেছে।

চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটের ভবন থেকে বের হচ্ছে ধোঁয়া। সোমবার রাতে তোলা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটের ভবন থেকে বের হচ্ছে ধোঁয়া। সোমবার রাতে তোলা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্য খালেদ বলেন, ভেতরের ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত। ভেতরে প্লাস্টিকজাতীয় জিনিস থাকায় পানি দিয়ে আগুন নেভাতে কষ্ট হচ্ছে। ষষ্ঠ তলায় গুদাম রয়েছে। ভবনের সিঁড়িতে রেলিং নেই। যাতায়াত করা খুবই মুশকিল। এ জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কষ্ট হচ্ছে। তবু আগের তুলনায় এখন কিছুটা পরিবর্তন হচ্ছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে।

মনজুর খান প্লাজা মার্কেটের ষষ্ঠ তলায় লাগা আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সরু গলির কারণে তাদের বেগ পেতে হচ্ছে। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
মনজুর খান প্লাজা মার্কেটের ষষ্ঠ তলায় লাগা আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সরু গলির কারণে তাদের বেগ পেতে হচ্ছে। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়। আগুন লাগার কারণ, কেউ হতাহত হয়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গত বছরের ডিসেম্বরে পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

/এমআর/