শিরোনাম

অনুমতি ছাড়া ফুটপাতে ব্যবসা নয়: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
অনুমতি ছাড়া ফুটপাতে ব্যবসা নয়: ডিএসসিসি প্রশাসক
ঢামেকে ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল

ফুটপাতে ব্যবসা করতে হলে অনুমতি লাগবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ফুটপাতে যে ব্যবসা করবে তাকেও আইন এবং শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এজন্য তাদেরকে আমরা লাইসেন্স দেবো। পুলিশ অলরেডি জরিপ করছে যে, কারা ফুটপাতে ব্যবসা করতে পারবে আর কারা পারবে না। আমরা তাদেরকে চিহ্নিত করে একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাই। হকার কোথায় বসবে–এটার জন্য আমরা একটা পরিষ্কার গাইডলাইন দেব।

হকারদের উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, আমরা হকারদের উচ্ছেদের প্রসঙ্গে আসতে চাই না। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করবো।

তিনি আরও বলেন, আমরা এই ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করবো। আমরা ঈদে হলি মার্কেট করবো, যেটা শুক্র এবং শনিবার খোলা থাকবে।

বক্তব্য রাখছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল
বক্তব্য রাখছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল

ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে ডিএসসিসি প্রসেসক বলেন, সামনে এগুলোর প্রভাবের সময় আসছে। এখন থেকেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়ে যাচ্ছি। কিন্তু এ ক্ষেত্রে অবশ্যই জনগণের সহযোগিতা প্রয়োজন। সবাইকে সচেতন থাকতে হবে। রাস্তাঘাটে, বাড়ির আঙিনায় ময়লা আবর্জনা ফেলা যাবে না।

ডিএসসিসি প্রশাসক বলেন, ট্রাফিক সিস্টেম ঠিক করতে হলে, রিকশা এবং ট্রাকসহ যানবাহনকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। ঢাকা শহরে কতগুলো রিক্সা চলবে–এটা ঠিক করতে হবে। সেটার জন্য রিক্সার নতুন করে লাইসেন্সের ব্যাপারটা আমরা চিন্তা করছি। কারো পেটে যাতে ‘লাথি’ না পড়ে সেটা আমরা দেখবো এবং সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো।

তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্য বর্ধনের কাজ আমরা করে দিয়ে গেলাম, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আসাদুজ্জামান এবং ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এফআর/