শিরোনাম

কোরবানির বর্জ্য সরাতে প্রস্তুত ডিএসসিসির সাড়ে ১৩ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক
কোরবানির বর্জ্য সরাতে প্রস্তুত ডিএসসিসির সাড়ে ১৩ হাজার কর্মী
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ঢাকা দক্ষিণ এলাকায় মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণের জন্য সাড়ে ১৩ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও থাকছে কেন্দ্রীয় ও জোনভিত্তিক মনিটরিং বা তদারকি সেল।

সোমবার (২৫ মে) কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে নগরবাসীর সুষ্ঠু, স্বাস্থ্যকর ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, প্রকৌশল ও সম্পত্তি বিভাগসহ সংশ্লিষ্ট সব খাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ডিএসসিসি। কোরবানির প্রতিটি ধাপকে সমন্বিতভাবে পরিচালনা করতে একাধিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানায়, এ বছর ঈদুল আজহায় মোট ৩৩ হাজার ৯৪২ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঈদের দিন ১৫ হাজার ৯৩৫ টন, পরদিন ১১ হাজার ৭৭৬ টন এবং তৃতীয় দিনে ৬ হাজার ২৩১ টন বর্জ্য অপসারণ করা হবে। যার জন্য প্রয়োজনীয় লজিস্টিকসহ জনবল প্রস্তুত রাখা হয়েছে।

সংস্থাটি জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএসসিসি এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণ কাজে সংস্থার নিজস্ব সাড়ে ৬ হাজার ৫৫৩ বর্জ্য পরিচ্ছন্নতা কর্মী থাকবে। পাশাপাশি বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে নিয়োজিত ৪ হাজার ৭০০ কর্মী সরাসরি মাঠে কাজ করবেন।

এ ছাড়া, সিটি কর্পোরেশনের আওতাধীন ১১টি অস্থায়ী পশুর হাটে গড়ে ১০০ করে মোট ২ হাজার ২০০ জন কর্মী পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি ও মনিটরিং করবেন। সব মিলিয়ে ঈদের দিন থেকে বর্জ্য অপসারণ দ্রুত সম্পন্ন করতে মোট ১৩ হাজার ৫৫৩ জন লোক নিয়োজিত থাকবে।

এদিকে, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ১ লাখ ৪০ হাজার পলিব্যাগ বিতরণের উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। পশুর রক্ত অপসারণের পর জীবাণুনাশকের অংশ হিসেবে ছিটানোর জন্য ৪ হাজার ৬০০ কেজি ব্লিচিং পাউডার ও ১ হাজার ৫০ লিটার স্যাভলন প্রস্তুত রাখা হয়েছে।

একই সঙ্গে বর্জ্য অপসারণে ব্যবহারের জন্য ছোট-বড় ১ হাজার ৭০০ গাড়ি মাঠে থাকবে। ট্রাক, ডাম্পার, পে-লোডার, পানির গাড়িসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি প্রস্তুত রাখা হচ্ছে। আর এসব তদারকির জন্য আরও ৩৫টি গাড়ি নিয়োজিত থাকবে।

কোরবানি পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত যে কোনো অভিযোগের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হবে। কন্ট্রোল রুমের নম্বর : ০১৯০৯৯০০৮৮৮, ০২২২৩৩৮৬০১৪।

এছাড়া আরও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। সেগুলো হলো–

*নগর ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কোরবানির পশুর হাট ও কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম লাইভ মনিটরিং এবং তদারকি করা হবে।

*প্রতিটি হাটে আলাদা আলাদা নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করা হবে।

*হাটের আইন-শৃঙ্খলা তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।

*হাটসমূহে পশুদের স্বাস্থ্য রক্ষায় মেডিকেল টিম নিয়োজিত থাকবে।

*মেরামত ও রক্ষণাবেক্ষণ সহায়ক হিসেবে সার্বক্ষনিক ২টি পোর্টেবল মেকানিকস টিম নিয়োজিত থাকবে।

/এফআর/