শিরোনাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর উদ্যোগ

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নজরুল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর উদ্যোগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় দেখানোর উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল প্রশাসন।

সোমবার (৮ জুন) বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা যেন একত্রে উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই হল প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে খেলা উপভোগের সময় শৃঙ্খলা রক্ষা করে একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, বন্ধু ও সহপাঠীদের সঙ্গে একত্রে বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা বিশ্বকাপের আনন্দকে প্রাণবন্ত করে তোলে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের আবেগ, উচ্ছ্বাস ও মিলনমেলার একটি বড় উপলক্ষ। বিশ্বকাপ এলেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা বড় পর্দায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সম্প্রচারের উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি, শিক্ষার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে।

/এসআর/