শিরোনাম

জবির ১,৭৮৯ শিক্ষার্থী পাচ্ছেন বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের সুযোগ

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
জবির ১,৭৮৯ শিক্ষার্থী পাচ্ছেন বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের সুযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সিজেএন টোয়েন্টিফোর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ১ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী মেধা বৃত্তি, প্রতিরক্ষা বৃত্তি এবং অবৈতনিক অধ্যয়নের সুযোগ পাচ্ছেন। আবেদন যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি, প্রতিরক্ষা বৃত্তি এবং অবৈতনিক অধ্যয়নের সুযোগ প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির সভায় বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও ইউনিট থেকে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করা হয়। এ সময় মোট ১ হাজার ৭৬০ জন শিক্ষার্থীর আবেদন পর্যালোচনা করা হয়।

যাচাই-বাছাই শেষে মেধা বৃত্তি ও অবৈতনিক অধ্যয়নের জন্য মোট ১ হাজার ৫২৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ৫৩৩ জন শিক্ষার্থী মেধা বৃত্তি এবং ৯৯৫ জন শিক্ষার্থী অবৈতনিক অধ্যয়নের সুযোগ পাবেন।

এ ছাড়া প্রতিরক্ষা বৃত্তির আওতায় মোট ২৬১ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫০ জন শিক্ষার্থী বৃত্তি এবং ১১ জন শিক্ষার্থী অবৈতনিক অধ্যয়নের সুযোগ লাভ করবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মনোনীত শিক্ষার্থীদের আগামী ২৮ জুনের মধ্যে নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে। ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট শাখার নাম ও রাউটিং নম্বরও উল্লেখ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেধা ও প্রতিরক্ষা বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে বৃত্তির অর্থ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বৃত্তি শাখা থেকে ইতোমধ্যে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে নির্ধারিত তথ্যছক পাঠানো হয়েছে।

/এমআর/