শিরোনাম

প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ

কুবি সংবাদদাতা
কুবি সংবাদদাতা
প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বেলুন উড্ডয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির কুবি শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে ‘৩৫’ সংখ্যাখচিত বেলুন উড্ডয়নের মাধ্যমে সংগঠনটির ৩৫ বছরের পথচলা উদযাপন করা হয়। পরে ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

কুবি শাখার সাধারণ সম্পাদক গাজী শাওন বলেন, ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। গত ৩৫ বছর ধরে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে আসছে। একটি নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সংগঠনের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কুবি শাখার সভাপতি আফসার উদ্দিন ইফতি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষা করে আলোর দিশা দেখানোর চেষ্টা করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও নৈতিকতাসম্পন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং তাদের অধিকার আদায়ে রাজপথে সংগ্রাম করেছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৩৫ বছরের পথচলায় শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জড়িত ছিল না। বরং এই পথচলায় অসংখ্য সৎ, যোগ্য, মেধাবী ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব তৈরি হয়েছে।’

/এমআর/