শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ভোটের ফল প্রকাশ, ৮৬ শতাংশের বেশি ‘হ্যাঁ’

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
ভোটের ফল প্রকাশ, ৮৬ শতাংশের বেশি ‘হ্যাঁ’
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সরকারি সাত কলেজের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের তিন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন নিয়ে অনুষ্ঠিত অনলাইন ভোটের ফল প্রকাশ করা হয়েছে। ভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ মতামত জয়ী হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভোটের ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, মাইগ্রেশনের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১৭ হাজার ১২ জন শিক্ষার্থী। মোট প্রদত্ত ভোটের মধ্যে এ ভোটের হার ৮৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, মাইগ্রেশনের বিপক্ষে ‘না’ ভোট দিয়েছেন ২ হাজার ৫৩২ জন, যা মোট ভোটের ১২ দশমিক ৯ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত ৬০ ঘণ্টা ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে ভোট চলাকালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ভোট দেওয়ার সময়সীমা আরও বাড়িয়ে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত করা হয়। ফলে মোট ৭৮ ঘণ্টা ভোটগ্রহণ চলে।

তিন শিক্ষাবর্ষের সাত কলেজ মিলিয়ে এ ভোটে মোট ভোটার ছিলেন ৫৪ হাজার ৩৯৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৯ হাজার ৬৮২ জন শিক্ষার্থী।

শিক্ষাবর্ষভিত্তিক হিসাবে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৮ হাজার ৮১৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ৮৫৬ জন। ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১৭ হাজার ৯২৫ জন শিক্ষার্থীর মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ৯১ জন। আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১৭ হাজার ৬৫৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬ হাজার ৫১৬ জন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে শিক্ষার্থীদের মাইগ্রেশন বিষয়ে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং মতামত গ্রহণের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যেই অনলাইনে ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়। এ কারণে সরাসরি বা অফলাইনে মতামত নেওয়ার পরিবর্তে অনলাইন পদ্ধতি বেছে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/এমআর/