শিরোনাম

গণ বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার চালু

গবি সংবাদদাতা
গবি সংবাদদাতা
গণ বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার চালু
গণ বিশ্ববিদ্যালয়।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল সেন্টার চালু করা হয়েছে। সেখানে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা এবং অসুস্থতায় তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে গত ১লা জুন বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী, ডা. শরীফ ওমর ফারুককে মেডিকেল সেন্টারের চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৩০৬ নম্বর (সি ব্লক) কক্ষে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করবেন।

এদিকে, চিকিৎসা সেবা চালু হওয়ায় খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার চালু হওয়ার হওয়ার কথা জেনে আমরা খুবই আনন্দিত। এতে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা সেবা পাবে। অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হবে না। বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’

নব-নিযুক্ত মেডিকেল অফিসার ডা. শরীফ ওমর ফারুক (এমবিবিএস) বলেন, ‘শিক্ষার্থীদের প্রাথমিক চিকিসা সেবা ও জ্বর ঠান্ডা, গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ব্যথা, সিজারের ব্যথা নিরসনের মেডিসিন সংক্রান্ত সেবা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের ক্রীড়াখাতে ভূমিকা রাখে। খেলোয়াড়দের কথা ভেবে ইনজুরি হওয়ার ব্যথানাশক, মেডিসিনের ব্যবস্থা করা এবং প্রাথমিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা প্রদানে মেডিকেল সেন্টার চালু করা হয়েছে। মেডিকেল অফিসার একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা নারী শিক্ষার্থীর জন্য নার্স নিয়োগ দিচ্ছি। মেডিকেল সেন্টার চালুর মাধ্যমে শিক্ষার্থীদের সব ধরনের প্রাথমিক চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হবে।’

/এফআর/