শিরোনাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়লো
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন বিষয়ে ভোট গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন।

বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে পূর্বঘোষিত অনলাইন ভোট গ্রহণ কার্যক্রম সোমবার সকাল ১০টা থেকে চলমান রয়েছে।

তবে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন, মোবাইল নম্বর পরিবর্তনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে সংরক্ষিত নম্বরে ওটিপি না পৌঁছানোয় তারা ভোট দিতে পারছেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কারিগরি সমস্যা বিবেচনায় নিয়ে ভোট গ্রহণের সময়সীমা বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ফলে মোট ৭৮ ঘণ্টা ভোট দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

এদিকে মোবাইল নম্বর পরিবর্তনজনিত সমস্যায় পড়া শিক্ষার্থীদের জন্য ভোট দেওয়ার ওয়েবসাইটে পৃথক একটি অনলাইন ফরম চালু করা হয়েছে। ভোট দেওয়ার ওয়েবসাইট vote.dcu.ac.bd-এ ‘নম্বর পরিবর্তন ও ভোটের অনুরোধ’ শীর্ষক ফরমে সচল মোবাইল নম্বর উল্লেখ করে জাতীয় পরিচয়পত্রের কপি ও সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের কপি সংযুক্ত করে ভোট দেওয়ার অনুরোধ জানানো যাবে।

প্রশাসনিক যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে সফলভাবে ভোট দিয়েছেন, তাঁদের নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

/এসআর/