শিরোনাম

গণ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব উদযাপন

গবি সংবাদদাতা
গবি সংবাদদাতা
গণ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব উদযাপন
গণ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উৎসব উদ্‌যাপন করা হয়েছে

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথমবারের মতো রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মিলায়তনে এ আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব (জিবিসিসি)।

অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল কবিতা আবৃত্তি, গান ও আলোচনা।

আয়োজন সম্পর্কে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ তন্বি বলেন, ‘আমাদের জীবনে এমন কিছু মানুষ ছিলেন, যারা আমাদের অনুপ্রাণিত করতেন। শিক্ষার্থীদের মধ্যে শিল্পচর্চা বিকাশে এই ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। জিবিসিসির প্রতি আহ্বান থাকবে, তারা যেন বার্ষিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কর্মশালার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখে।’

সহকারী রেজিস্ট্রার এনামুল হক বাবু বলেন, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিকশিত হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকরা তাঁদের পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের কার্যক্রম শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব বৃহত্তর সমাজেও ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্য থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তব্যে তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁদের রচনা, চিন্তা ও সৃষ্টিশীলতা আজও মানুষকে অনুপ্রাণিত করে। তাঁদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

কালচারাল ক্লাবের সভাপতি আফরা রুমালি সুপ্তি বলেন, ‘আমাদের ক্লাবটি নতুন। আজকে শুধু জিন্নাহ স্যারের কথাই মনে পড়ছে। স্যারের ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে একটি কালচারাল ক্লাব গড়ে উঠুক। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে চাই।’

এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক,শিক্ষার্থী ও ক্লাবটির সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমআর/