শিরোনাম

ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ সম্প্রচার স্থগিত: হতাশ শিক্ষার্থীরা

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ সম্প্রচার স্থগিত: হতাশ শিক্ষার্থীরা
বৃষ্টিস্নাত ঢাবির টিএসসি এলাকা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

​বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচের আজকের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

​ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক তালহা জুবায়ের বলেন, ‘একজন ব্রাজিল ফ্যান হিসেবে আমি আজকের ম্যাচটা দেখতে খুবই আগ্রহী ছিলাম। আমার উদ্দেশ্য ছিল টিএসসিতে বসে সরাসরি আর্জেন্টিনার পতন দেখা। কিন্তু বৃষ্টির কারণে তা আর সম্ভব হচ্ছে না ভেবে খারাপ লাগছে।’

বন্ধুদের সাথে ক্যাম্পাসে খেলা দেখার পরিকল্পনা করেছিলেন ​ফাইনান্স বিভাগের শিক্ষার্থী তাহসিন রাকিব। তবে সম্প্রচার স্থগিত হওয়ার খবরে তিনিও হতাশা ব্যক্ত করেছেন। তার মতে, অনাকাঙ্ক্ষিত এই বৈরী আবহাওয়া ক্যাম্পাসে খেলা দেখার পরিবেশে বিঘ্ন ঘটিয়েছে।

​অন্যদিকে, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রায়াৎ হোসেন চৌধুরী জানান, আজকের ম্যাচটি লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ ম্যাচও হতে পারে। তিনি বলেন, ‘হয়তো এটাই মেসির শেষ ম্যাচ। টিএসসিতে সবার সাথে মিলে বড়পর্দায় ম্যাচটি দেখার ভালো একটা সুযোগ ছিল আজ। কিন্তু বৃষ্টির কারণে আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হলাম।’

/এফআর/