শিরোনাম

কুবির এ ও সি ইউনিটে ৭ম মেধাতালিকা প্রকাশ

কুবি সংবাদদাতা
কুবি সংবাদদাতা
কুবির এ ও সি ইউনিটে ৭ম মেধাতালিকা প্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে বি ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকার ফলাফল ২১ জুন রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, বি ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এতে বাণিজ্য বিভাগ থেকে মেধাক্রম ১৪৮-২৫০, বিজ্ঞান বিভাগ থেকে ১৬৯-২৫০ এবং মানবিক বিভাগ থেকে ৫০৯-১৩০০ পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

মৌখিক পরীক্ষার পর আসন শূন্য থাকা সাপেক্ষে একই দিন বিকেলে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ইউনিটের ৭ম মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ২২-২৩ জুন এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ২৩-২৪ জুন সংশ্লিষ্ট অনুষদের অফিস চলাকালীন সময়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ ও ভর্তি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এ ইউনিটে আসন খালি থাকলে ২৪ জুন নতুন মেধাতালিকা ও মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে এবং ২৫ জুন ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের পূরণকৃত ভর্তি ফরম, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা চার কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তির জন্য শিক্ষার্থীদের ব্যাংকে ১৪ হাজার ৬০০ টাকা জমা দিতে হবে। এছাড়া ডিন অফিস উন্নয়ন ফি ও বিভাগীয় উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।

/এমআর/