শিরোনাম

সাংবাদিকদের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলায় গবিসাসের নিন্দা

গবি সংবাদদাতা
গবি সংবাদদাতা
সাংবাদিকদের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলায় গবিসাসের নিন্দা
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির লোগো

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

মঙ্গলবার (২৩ জুন) গবিসাসের সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক তাহমিদ হাসান এক যৌথ বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানান।

গবিসাসের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবাই ইসলাম চয়ন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। ব্রিফিং চলাকালে কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন। এতে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন।

গবিসাস নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং সংবাদ সংগ্রহে বাধা প্রদান স্বাধীন সাংবাদিকতা চর্চার পরিপন্থী। সংবাদকর্মীদের ওপর হামলা গণতান্ত্রিক চর্চারও পরিপন্থী। এ ধরনের ঘটনা শুধু সাংবাদিকদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং জনগণের তথ্য জানার অধিকার ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বিঘ্নিত করে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। গবিসাস অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

/এমআর/