শিরোনাম

তিতুমীর কলেজে ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজে ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু
প্রদর্শনী ঘুরে ঘুরে দেখছেন তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমেদসহ শিক্ষার্থীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সরকারি তিতুমীর কলেজ আর্ট ক্লাবের উদ্যোগে পঞ্চমবারের মতো দুইদিনব্যাপী ‘তিতুমীর আর্ট ক্লাব এক্সিবিশন-২০২৬’ শুরু হয়েছে। যেখানে ফুটে উঠেছে গ্রাম বাংলা এবং বিশ্বের বিভিন্ন সুন্দর দৃশ্য।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় শহীদ বরকত মিলনায়তনের পাঠকক্ষে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। লাল ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমেদ।

আর্ট ক্লাবের সাধারণ সম্পাদক আফরোজা আক্তার আঁখি বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ। তিতুমীর আর্ট ক্লাবের ৫ম প্রদর্শনী ২০২৬-এর এবারের থিম ‘মেমোরি লেন’। এই প্রদর্শনীর মাধ্যমে শৈশবের আনন্দ, পুরোনো দিনের নানা স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়কে শিল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, নিয়মিত আর্ট সেশন, কর্মশালা, বিভিন্ন শিল্পচর্চা ও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই আমাদের তিতুমীর কলেজ আর্ট ক্লাবের অন্যতম লক্ষ্য।

অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ বলেন, শিক্ষার্থীদের মনের এবং মস্তিষ্কের বিকাশের জন্য আজকের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। শুধু মাত্র অক্ষর জ্ঞান নয়, শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠে। তিতুমীরের শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য এই ধরনের আয়োজন প্রতিবছরই করা উচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে আর্ট ক্লাবের মডারেটর ও কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ ফাতেমা ও আর্ট ক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামীকাল ২৫ আগস্ট (মঙ্গলবার) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর সমাপ্ত হবে।

/এফআর/