শিরোনাম

সাংবাদিক ইমদাদুল হকের সাহিত্যকর্ম নিয়ে খুবিতে সেমিনার

খুবি সংবাদদাতা
খুবি সংবাদদাতা
সাংবাদিক ইমদাদুল হকের সাহিত্যকর্ম নিয়ে খুবিতে সেমিনার
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিদ ও সাংবাদিক ইমদাদুল হকের সাহিত্যকর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষাবিদ ও সাংবাদিক ইমদাদুল হকের সাহিত্যকর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনে বাংলা ডিসিপ্লিন ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ‘কাজী ইমদাদুল হকের সাহিত্য কর্ম: দিক ও দর্শন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা প্রখ্যাত সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জীবনী এবং তার সাহিত্যকর্ম সম্পর্কে নানা দিক তুলে ধরেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ খাঁন।

তিনি বলেন, ‘কাজী ইমদাদুল হক খুলনার পাইকগাছার সন্তান। তার বিষয়ে এ ধরনের আয়োজন খুবই প্রশংসাযোগ্য। প্রাবন্ধিকদের প্রবন্ধের সূত্র ধরে তৎকালীন বাঙালি মুসলমানের কুসংস্কার, শিক্ষাহীনতা ও পশ্চাৎপদতার বিষয়গুলোকে তার আলোচনায় নিয়ে আসেন।’

সেমিনারে বক্তব্য রাখেন বাংলা একাডেমির গ্রন্থগারিক ও সহকারী সম্পাদক আসাদ আহমেদ। তিনি বলেন, ‘বাংলা একাডেমি বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় গুণী ব্যক্তিদের জীবন, সাহিত্য ও চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সেমিনারের আয়োজন করছে। কাজী ইমদাদুল হকের সাহিত্য ও তার অবদান এ সেমিনারের অন্যতম আলোচ্য বিষয় ছিলো যার মাধ্যমে জ্ঞানচর্চা, গবেষণা এবং সাহিত্য-সংস্কৃতির প্রসার ঘটানোই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আসমা ইয়াসমিন রুনা, সহকারী অধ্যাপক অন্তরা বিশ্বাস। প্রবন্ধ উপস্থাপনকালে সহকারী অধ্যাপক অন্তরা বিশ্বাস বলেন, ‘কাজী ইমদাদুল হকের সাহিত্য ঔপনিবেশিক বাংলার মুসলিম সমাজের জীবন, শিক্ষা ও আত্মপরিচয়ের সংকটকে গভীরভাবে তুলে ধরে। তার রচনা সাহিত্যকে সামাজিক পরিবর্তন, সংস্কৃতি নির্মাণ এবং ক্ষমতার কাঠামো বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করে।’

অপর প্রাবন্ধিক সহযোগী অধ্যাপক ড. আসমা ইয়াসমিন রুনা তার প্রবন্ধে আব্দুল্লাহ উপন্যাস আলোকে কাজী ইমদাদুল হক তৎকালীন মুসলিম সমাজের কুসংস্কার, শিক্ষার অভাব ও সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরেন। একই সঙ্গে তিনি শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী। বাংলা ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. দুলাল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শাকিলা আলমের সঞ্চালনায় কাজী ইমদাদুল হকের সাহিত্য কর্মের উপর আলোচনা করেন অধ্যাপক ড. শেখ রজিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. ইমরান কামাল।

/এমআর/