শিরোনাম

শিবির খারাপ কাজ করলে সমর্থন না দেওয়ার আহ্বান শিশির মনিরের

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শিবির খারাপ কাজ করলে সমর্থন না দেওয়ার আহ্বান শিশির মনিরের
নবীনবরণ অনুষ্ঠানে কথা বলছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

শিবির খারাপ কাজ করলে তাদের সমর্থন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। একই সঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক আধিপত্য নয়, বরং যোগ্যতা, মেধা ও সৃজনশীলতার ভিত্তিতেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠতে হবে।

রবিবার (২৮ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন শিশির মনির।

বক্তব্যের এক পর্যায়ে ছাত্রসংগঠনগুলোর ভূমিকা প্রসঙ্গে আইনজীবী শিশির মনির বলেন, শিবির যদি খারাপ কাজ করে, তাদের সমালোচনা করো। তাদের এড়িয়ে চলো। আমি তাদের সামনেই এ কথা বলছি। তারা যদি অন্যায় করে, তাহলে তাদের সমর্থন করো না। এভাবেই তাদের শিক্ষা দিতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে বিশ্ববিদ্যালয় থেকেই। তাই রাজনৈতিক পরিচয়ের চেয়ে যোগ্যতার ভিত্তিতে প্রতিভাবান তরুণদের সামনে নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে থাকা প্রতিভাবান, সৃজনশীল ও উদ্ভাবনী সক্ষমতাসম্পন্ন তরুণদের যথাযথ জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারলে বাংলাদেশ তার প্রকৃত সম্ভাবনা কাজে লাগাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত যোগ্য মানুষদের যোগ্য স্থানে বসানো না যাবে, ততক্ষণ দেশ প্রকৃত অর্থে প্রতিভা ও সৃজনশীলতার সুফল পাবে না।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে এই আইনজীবী বলেন, তোমরা যদি সত্যিই যোগ্য হও, তাহলে মানুষই তোমাদের নেতৃত্বে দেখতে চাইবে। রাজনৈতিক আধিপত্য বা জটিল রাজনৈতিক সমীকরণের দিকে তাকানোর প্রয়োজন নেই। কে কোন দল বা ছাত্রসংগঠন করে, সেটি নয়; বরং যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এছাড়া প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস (রাশিয়া)-এর ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. নূরুল হাসান, আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।

/এফআর/