শিরোনাম

চুয়েটের পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চুয়েটের পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
অর্ণব চন্দ ও শান্ত দেব

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) একটি আবাসিক হলের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– চুয়েটের ২০২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব চন্দ (২২) ও একই ব্যাচের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়ি সিলেটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ফুটবল খেলা শেষে কবি কাজী নজরুল ইসলাম হলের পাশের পুকুরে গোসল করতে যান অর্ণব ও শান্ত। একপর্যায়ে পুকুরের মাঝামাঝি অংশে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যান তারা। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজির পর প্রথমে অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘নিহতদের পরিবারকে জানানো হয়েছে। তাদের মতামত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/