শিরোনাম

রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস
গকসু এজিএস সামিউল হাসান শোভনের ফেসবুক পোস্ট

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পোস্টে তিনি ছাত্রশিবিরের উদ্দেশে ‘রগ কেটে ইতিহাস তৈরি’ করার আহ্বান জানিয়েছেন।

সমালোচনার মুখে সামিউল হাসান শোভন গণমাধ্যমকে বলেন, এটি তার ব্যক্তিগত মতামত। এর সঙ্গে গণ বিশ্ববিদ্যালয় বা গকসুর কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে সামিউল হাসান শোভন লেখেন, বিএনপির সঙ্গে জামায়াতের এবং ক্যাম্পাসে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সম্পর্ককে তিনি ‘কুসুম কুসুম প্রেম’ হিসেবে দেখছেন। অতীতে শিবিরের বিরুদ্ধে ‘পায়ের রগ কাটার’ অপবাদ ছিলো এবং ‘সন্ত্রাস রুখতে প্রয়োজনে দুই-একটি রগ কেটে ইতিহাস তৈরি’ করার কথাও উল্লেখ করেন। পাশাপাশি ‘শিবির ক্যাডার নাসির’-কে উদ্দেশ করে পুনরায় জেগে ওঠার আহ্বান জানান।

গকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল থেকে এজিএস পদে নির্বাচিত হয়েছিলেন সামিউল হাসান শোভন। পোস্টটির বিষয়ে তিনি বলেন, ‘পোস্টটি তিনি নিজেই দিয়েছেন। তবে এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে গণ বিশ্ববিদ্যালয় বা ছাত্র সংসদের কোনো সম্পর্ক নেই।’

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী প্রিন্স সম্রাট মুস্তাকিম ফেসবুকে লেখেন, ‘একজন ছাত্র সংসদের এজিএসের কাছ থেকে এ ধরনের বক্তব্য দায়িত্বশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একজন ছাত্রপ্রতিনিধির এমন হুমকিসূচক বক্তব্য সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে নেবেন না।’

সমালোচনার বিষয়ে সামিউল হাসান শোভন বলেন, তার পোস্টে কোথাও গণ বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট কোনো ঘটনার উল্লেখ নেই।

গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘ছাত্র সংসদের কোনো ব্যক্তির ব্যক্তিগত বক্তব্যের দায়ভার ছাত্র সংসদ নেবে না। দায়িত্বশীল অবস্থানে থাকলে তার প্রতিফলন কথাবার্তাতেও থাকা উচিত। ব্যক্তিগত অনুভূতির চেয়ে দায়িত্ববোধকে প্রাধান্য দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।’

গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. নির্জন বলেন, ‘দেশের বিভিন্ন ক্যাম্পাসে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। তার অভিযোগ, শিবির সহিংসতার হুমকি দিয়ে সন্ত্রাসী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং এ ধরনের রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান অব্যাহত থাকবে।’

৭ বছর পর অনুষ্ঠিত গকসু নির্বাচনের ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিবিরের কেন্দ্রীয় নেতারা জিএস, এজিএসসহ চার জনকে নিজেদের প্যানেলের উল্লেখ করে অভিনন্দন জানান। পরে স্থানীয় জামায়াত-শিবিরের নেতারাও তাদের শুভেচ্ছা জানান।

/এসআর/