শিরোনাম

রাবিতে চেয়ারে বসা নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
রাবিতে চেয়ারে বসা নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে এ সংঘর্ষ হয়েছিলো।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের চার শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আহত শিক্ষার্থীরা হলেন, রসায়ন বিভাগের ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। তাদের মধ্যে ফেরদৌস হাসান ও সাজিদুরকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফেরদৌস হাসানকে রাতেই আইসিইউতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক সাজিদ হাফিজ জানান, সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজন মাথায় ও চোখে গুরুতর আঘাত পাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিরোধ মেটেনি। একপর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী নবাব আবদুল লতিফ হলের পেছনে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মারধর করেন। এতে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী আহত হন। এর জেরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।

এ ঘটনার বিষয়ে দুই বিভাগের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কারোই তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষে রসায়ন বিভাগের ফেরদৌস হাসানসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।’

তদন্ত কমিটির ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আছেন কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাইফুল ইসলাম। এছাড়াও কমিটিতে আছেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন।’

/এসআর/