তিতুমীরে শিবিরের নবীনবরণ ঘিরে উত্তেজনা, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

তিতুমীর কলেজ প্রতিনিধি
তিতুমীর কলেজ প্রতিনিধি
তিতুমীরে শিবিরের নবীনবরণ ঘিরে উত্তেজনা, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটক

সরকারি তিতুমীর কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্বনির্ধারিত নবীনবরণ অনুষ্ঠানের আগের রাতে কলেজে সব ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ প্রশাসন। হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অনুষ্ঠান শুরু হওয়ার কথা উল্লেখ করে বুধবার (১৪ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়। এদিকে, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

কলেজের অধ্যক্ষ ছদরুদ্দীন আহমেদের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র পূজা অনুষ্ঠান আগামীকাল থেকে শুরু হওয়ায় কলেজে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না। নোটিশটি কলেজের সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতির জন্য জারি করা হয়েছে।

তবে কলেজের মন্দির-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে কলেজে তাদের কোনো ধর্মীয় কার্যক্রম নেই। এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ ছদরুদ্দীন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, প্রতিবেদন লেখা পর্যন্ত তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হানিফের নেতৃত্বে কলেজের নারী হলের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদলের বর্তমান ও সাবেক শতাধিক নেতাকর্মী।

ছাত্রদলের কর্মসূচি

হঠাৎ করে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, আগামীকাল ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠিত হবে। দুই দিন আগে, মঙ্গলবার, কলেজ প্রশাসনের কাছ থেকে এ অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়েছে।

এর আগে সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

/এমআর/