শিরোনাম

বাড়লো মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাড়লো মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন
জনপ্রশাসন মন্ত্রণালয়। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদার সহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বাড়িয়েছে অর্থ বিভাগ। ফলে এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

সম্প্রতি নতুন এ কাঠামো নির্ধারণ করে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠায় অর্থ বিভাগ। এর আগে, গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত জানতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে অর্থ বিভাগ জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইর থেকে অস্থায়ীভাবে মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন শর্তসাপেক্ষে ‌‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণে মতামত প্রদান করা হলো।

চিঠি অনুযায়ী শর্তগুলো হলো–

*এই মূল বেতনের সাথে কোনো প্রকার বার্ষিক ইনক্রিমেন্ট (বেতন বৃদ্ধি) যোগ হবে না।

*তারা নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন।

*কোনো প্রকার পেনশন, আনুতোষিক এবং ভবিষ্য তহবিলের সুবিধাদি পাবেন না।

এই মূল বেতন মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) সহকারী একান্ত সচিব ও উপমন্ত্রীর (সমমর্যাদা) একান্ত সচিব পদে শুধুমাত্র সরকারি চাকরির বাহির থেকে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও মতামতে জানিয়েছে অর্থ বিভাগ।

জানা গেছে, আগে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএস এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের পিএসরা জাতীয় বেতন স্কেল, ২০১৫ নবম গ্রেডে (২২০০০-৫৩০৬০ টাকা) নিয়োগ পেতেন। অর্থাৎ তাদের মূল বেতন ছিল ২২ হাজার টাকা।

/এফআর/