শিরোনাম

আইনশৃঙ্খলা সংক্রান্ত ১৬ সদস্যের কোর কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি
আইনশৃঙ্খলা সংক্রান্ত ১৬ সদস্যের কোর কমিটি গঠন
প্রতীকী ছবি

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য নতুন ‘কোর কমিটি’ গঠন করেছে সরকার। কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘কোর কমিটি’ পুনর্গঠন করেছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে কমিটির অন্য সদস্যরা হচ্ছেন– স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, র‍্যাব, এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক কোস্টগার্ড, এনটিএমসি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। পুলিশের বিশেষ শাখার এসবি প্রধান এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার।

এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোর কমিটির কাজ হবে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে সরকারকে অবগত করা এবং সেখানে যেকোনো প্রয়োজনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি জাতীয় ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা ও পরামর্শ দেওয়া।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, গোপনীয়তা রক্ষার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সব আলোচনা ও সিদ্ধান্ত অত্যন্ত গোপনীয় হিসেবে গণ্য হবে এবং তা কমিটির বাইরে কারো কাছে প্রকাশ করা যাবে না। তবে জনস্বার্থে প্রয়োজনে সভাপতির সম্মতিতে সীমিত আকারে সিদ্ধান্ত প্রচার করা যেতে পারে।

/এফআর/