ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি ফরিদা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি ফরিদা
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বোরকা ও মাস্ক পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন

ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বোরকা ও মাস্ক পরে ছদ্মবেশে ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন। এসময় তিনি সাধারণ সেবাগ্রহীতাদের মতো লাইনে দাঁড়িয়ে কর্মরত স্টাফদের কাছ থেকে নামজারি (মিউটেশন) প্রক্রিয়া ও সরকারি ফি সম্পর্কে খোঁজখবর নেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান ডিসি ফরিদা খানম। সেখানে প্রবেশ করার সময় অন্যদিনের মতোই সেবাগ্রহীতাদের ভিড় ছিল। কেউ এসেছেন জমির নামজারি করতে, কেউ খোঁজ নিতে এসেছেন। তাদেরই একজনের মতো বোরকা পরে প্রবেশ করেন ডিসি ফরিদা। পরিচয় জানতে চাইলে জানালেন, তিনি ভূমিসেবা নিতে এসেছেন।

সেবাগ্রহীতার বেশে অফিসে অবস্থান করার সময় অন্যদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসকের এমন ছদ্মবেশী পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় সেবাগ্রহীতাদের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিদর্শনে ভূমিসেবা নিতে এসে সেবাগ্রহীতারা কোনো ধরনের ভোগান্তি, বিলম্ব, অনিয়ম কিংবা হয়রানির মুখে পড়ছেন কি না, তা সরাসরি জানতে চান তিনি। শুধু মানুষের কথা শোনাই নয়, নিজেও একজন সাধারণ সেবাগ্রহীতার মতো করে অফিসের সেবা নেওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন।

এ সময় ভূমি অফিসের সার্বিক কার্যক্রমও কাছ থেকে দেখেন ফরিদা খানম। সেবাগ্রহীতাদের সঙ্গে কর্মকর্তাদের আচরণ, সেবা পাওয়ার প্রক্রিয়া এবং সাধারণ মানুষের জন্য বিষয়গুলো কতটা সহজ; এসব দিক তার পর্যবেক্ষণে ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাধারণ মানুষকে দ্রুত ও সহজে ভূমিসেবা দেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক। সেবা নিতে এসে যেন কাউকে অপ্রয়োজনীয় ভোগান্তি বা হয়রানির শিকার হতে না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

/এফসি/