শিরোনাম

পায়রাসহ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পায়রাসহ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা
প্রতীকী ছবি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতি দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার (১২ আগস্ট) পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর আকাশ বুধবার সকাল থেকে ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। মঙ্গলবার রাত ৯টা থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একইসঙ্গে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে, বৈরী আবহাওয়ার প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও উত্তাল হয়ে উঠেছে। সাগরে সৃষ্টি হয়েছে বড় বড় ঢেউ, যা তীরে আছড়ে পড়ছে। এতে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে সতর্কতা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস তথ্য মতে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

/এফআর/