শিরোনাম

সাইবার অপরাধীদের নতুন ফাঁদ ‘এসএমএস পাম্পিং’

অনলাইন ডেস্ক
সাইবার অপরাধীদের নতুন ফাঁদ ‘এসএমএস পাম্পিং’
প্রতীকী ছবি

প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার অপরাধীদের নতুন নতুন কৌশল। এবার তারা এমন কৌশল বের করেছে যে, আপনার অ্যাকাউন্ট হ্যাক বা ফোনে কোনো ম্যালওয়্যার ঢোকানো ছাড়াই কেবল একটি ক্লিকের মাধ্যমেই পকেট খালি হবে পারে। অভিনব কৌশলের নাম ‘এসএমএস পাম্পিং’। এর জন্য বিশ্বজুড়ে সাধারণ মোবাইল ব্যবহারকারীদের টার্গেট করছে সাইবার অপরাধীরা। ফোন ব্যবহারকারীর অজান্তেই পাঠানো হচ্ছে দামি আন্তর্জাতিক এসএমএস। যার বিল গুনতে হচ্ছে ফোন ব্যবহারকারীকে।

মোবাইলের ব্রাউজারে প্রায়ই আমাদের ‘আপনি কি রোবট?’– এই মুখোমুখি হতে হয়। তারপর ‘ক্যাপচা’ (কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট) নামে একটি পরীক্ষা নেওয়া হয়। তবে সম্প্রতি এই প্রক্রিয়াকেই কাজে লাগিয়ে ফোন ব্যবহারকারীদের ফাঁদে ফেলছেন সাইবার অপরাধীরা।

‘ক্লিকফিক্স’ নামে অভিনব এক কৌশলের মাধ্যমে ভুয়া ক্যাপচা পেজ তৈরি করে মোবাইল ব্যবহারকারীদের অজান্তেই বহু আন্তর্জাতিক এসএমএস পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ম্যালওয়্যারবাইটসের ম্যালওয়্যার ইন্টেলিজেন্স গবেষক পিটার আরন্টজ।

যেভাবে ফাঁদে পড়ছেন অনলাইন ব্যবহারকারীরা

গবেষকদের মতে, এটি মূলত ‘ইন্টারন্যাশনাল রেভিনিউ শেয়ার ফ্রড’। সাইবার অপরাধীরা ‘ক্লিকফিক্স’ কৌশল ব্যবহার করে ব্যবহারকারীদের ভুয়া পেজে নিয়ে যায়। সেখানে ব্যবহারকারীকে একটি বাটনে ক্লিক করতে নির্দেশনা দেওয়া হয়। ক্লিক করার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর ফোনের এসএমএস অ্যাপটি খুলে যায়। আর সেখানে আগে থেকেই ১৭টি দেশের ডজনখানেক আন্তর্জাতিক নম্বর ও মেসেজ সেট করা থাকে। এসব দেশের মধ্যে আজারবাইজান, মিয়ানমার ও মিশর রয়েছে, যেখানে এসএমএস চার্জ অনেক বেশি। সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে এতে প্রায় ৩০ ডলার পর্যন্ত বিল আসতে পারে।

রক্ষা পাওয়ার উপায়

বিশেষজ্ঞরা বলছেন, একটু সচেতন থাকলেই এ ধরনের প্রতারণা থেকে বাঁচা সহজ। তাদের পরামর্শ হলো–

‘ক্যাপচা’ অপশন আসলে নিজেকে মানুষ প্রমাণ করতে কখনও এসএমএস পাঠাবেন না।

আসল ক্যাপচা কখনও এসএমএস অ্যাপ খুলতে বলে না।

অচেনা লিংক বা সন্দেহজনক পেজে ক্লিক করা করা যাবে না।

সূত্র: ফোর্বস ম্যাগাজিন।

/এফআর/