শিরোনাম

বিশ্বকাপে ট্রফিসহ নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়ন দল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে ট্রফিসহ নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়ন দল
ফাইনালে বিজয়ী দল পাবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। ঐতিহ্যবাহী ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিশ্বজয়ী দলের জন্য অপেক্ষা করছে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি। আমেরিকান ক্রীড়া সংস্কৃতির আদলে ফিফা প্রথমবারের মতো ফুটবলেও এ আভিজাত্যের প্রচলন করতে যাচ্ছে। রবিবার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মেগা ফাইনালে যে দল শেষ হাসি হাসবে, তাদের প্রত্যেক সদস্যের আঙুলেই উঠবে এই অনন্য ও পারসোনালাইজড উপহার।

উত্তর আমেরিকার জনপ্রিয় খেলাধুলা—যেমন এনবিএ, এনএফএল এবং এমএলবি-তে চ্যাম্পিয়নদের আংটি দেওয়ার দীর্ঘদিনের একটি ঐতিহ্য রয়েছে। সেই সংস্কৃতির অনুপ্রেরণায় এবার ফুটবল বিশ্বকেও রাঙাতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফাইনাল ম্যাচ শেষে জমকালো পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি ও মেডেল হস্তান্তরের পরপরই বিজয়ীদের আঙুলেই পরিয়ে দেওয়া হবে এই বিশেষ রিং।

বিশেষ এই সংস্করণের অংশ হিসেবে সর্বমোট ২,০২৬টি রিং তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এর মধ্যে কাস্টমাইজড মাত্র ৩০টি আংটি পাবেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালরা। বাকি ১,৯৯৬টি আংটি অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত স্মারক পণ্য হিসেবে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের কেনার জন্য উন্মুক্ত রাখা হবে। শৈল্পিক নকশায় তৈরি এ আংটির একদিকে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির অবয়ব এবং অন্য পাশে খোদাই করা থাকবে বিজয়ী দলের লোগো। নকল রোধে প্রতিটি আংটির সঙ্গে দেওয়া হবে একটি করে সত্যতা যাচাইয়ের সনদ বা ‘সার্টিফিকেট অব অথেন্টিসিটি’। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিজয়ী দলের অধিনায়ক ও কোচের হাতে প্রতীকী আংটি তুলে দেওয়া হবে এবং পরবর্তীতে মূল ৩০টি আংটি তৈরি করে খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়া হবে।

ফাইনাল ম্যাচটি মাঠের লড়াইয়ের দিক থেকেও ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। এ প্রথম দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বধারী (কোপা আমেরিকা চ্যাম্পিয়ন) এবং ইউরোপের সেরা (ইউরো চ্যাম্পিয়ন) দুই পরাশক্তি ফুটবল বিশ্বকাপের ফাইনালে সরাসরি একে অপরের মুখোমুখি হচ্ছে।

/এমএকে/