শিরোনাম

বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় মিসরের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় মিসরের
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোল দেওয়ার পর মিসরের খেলোয়াড়দের উল্লাস

বেলজিয়ামের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করা মিসর এবার লিখল দুর্দান্ত এক ঘুরে দাঁড়ানোর গল্প। সোমবার (২২ জুন) কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে মোহাম্মদ সালাহর দল। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয়ে কিউইদের স্তব্ধ করে দেয় আফ্রিকান পরাশক্তিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা নিউজিল্যান্ড ১৫ মিনিটেই লিড নেয়। মাইকেল পেইনের চমৎকার কর্নার কিক থেকে বক্সে লাফিয়ে উঠে দারুণ এক হেডে কিউইদের এগিয়ে দেন ফিন সারম্যান। প্রথমার্ধে আক্রমণের ধার বেশি থাকায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নিউজিল্যান্ড।

তবে বিরতির পর সম্পূর্ণ অন্য এক মিসরকে দেখা যায় মাঠে। ৫৮ মিনিটে ডান দিক থেকে মোহাম্মদ হানির নিখুঁত ক্রসে বক্সে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা মোহাম্মদ জিকো হেডে গোল করে মিসরকে সমতায় ফেরান। সমতায় ফেরার পর মিসরের আক্রমণের গতি আরও বেড়ে যায়। ম্যাচের ৬৭ মিনিটে বক্সের ডান প্রান্তে জিকোর সঙ্গে চমৎকার ‘ওয়ান-টু পাস’ খেলে নিজের জন্য শট নেওয়ার জায়গা তৈরি করেন মোহাম্মদ সালাহ। এরপর কোনো ভুল না করে বাঁ কোণ দিয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান মিসরের এই পোস্টার বয়।

২-১ ব্যবধানে এগিয়ে গিয়েও আক্রমণ থামায়নি মিসর। ম্যাচের ৮২ মিনিটে আসে তাদের জয় সুনিশ্চিত করা তৃতীয় গোলটি। এবারও নেপথ্যে ছিলেন সালাহ। ডান দিক থেকে তার বাড়ানো চমৎকার ক্রস ধরে বদলি হিসেবে নামা ডেভিড ত্রেজেগে নিজের মাত্র তৃতীয় টাচেই হেডে বল জালে পাঠান। শেষ পর্যন্ত চেষ্টা করেও নিউজিল্যান্ড আর কোনো গোল করতে পারেনি। প্রথম ম্যাচে ইরানের সাথে ২-২ গোলে ড্র করা নিউজিল্যান্ড এগিয়ে থেকেও ৩-১ ব্যবধানের এ হারে টুর্নামেন্টে কিছুটা ব্যাকফুটে চলে গেল। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে থাকা মিসরের পরবর্তী ম্যাচ ২৭ জুন ইরানের বিপক্ষে। একই দিন গ্রুপ পর্বের অন্য ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

/এমএকে/