শিরোনাম

ইংল্যান্ড ম্যাচ নিয়ে বাড়তি চাপ নিচ্ছেন না আলভারেজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড ম্যাচ নিয়ে বাড়তি চাপ নিচ্ছেন না আলভারেজ
অনুশীলনে হুলিয়ান আলভারেজ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই যেনো বাড়তি উত্তেজনা। এই দুই দলের অতীতের লড়াই দেখলে আভাস মেলে জমজমাট লড়াই হবে এবারও। তবে আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের কাছে এই মহারণকে মনে হচ্ছে অন্য দশটা ম্যাচের মতোই।

ফকল্যান্ড আইল্যান্ডের যুদ্ধ, ডিয়েগো ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোল বা ডেভিড বেকহ্যামের সেই লাল কার্ড; দুই দল মুখোমুখি হলে উত্তেজনার পারদ তুঙ্গে থাকে।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলভারেজ বলেন, ‘আমি জানি না এটা চাপ হবে কি না, তবে আমরা সবাই যা জানি তার কারণে ম্যাচটি বিশেষ কিছু হতে যাচ্ছে, সেটা আমার মুখে বলার প্রয়োজন নেই। তবে দিনশেষে এটি শুধুই একটি খেলা।’

আলভারেজ আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা আরেকটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো থেকে মাত্র এক ধাপ দূরে আছি। আর্জেন্টিনাকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা মাঠে আমাদের সর্বোচ্চটা দেবো।’

লিওনেল মেসির সাথে খেলার অনুভূতি কেমন, সেটাও জানান আলভারেজ। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকে তাকে খেলতে দেখে বড় হয়েছি, তিনি আমার এবং আমার ভাইয়ের আদর্শ। আর আজ তার সাথে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়া, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন করা, তার পাশে থাকা এবং সাহায্য করতে পারাটা যেনো একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

/টিই/