শিরোনাম

‘ঈশ্বরের কাছে আরেকটি বিশ্বকাপ চাওয়া অনেক বেশি হয়ে যাবে’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘ঈশ্বরের কাছে আরেকটি বিশ্বকাপ চাওয়া অনেক বেশি হয়ে যাবে’
লিওনেল মেসি

রেকর্ডবুক ওলটপালট করে দিয়ে ৩৯ বছর পূর্ণ করলেন ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মহাতারকা লিওনেল মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেওয়া এ আর্জেন্টাইন অধিনায়ক এবার পা রাখলেন ৪০-এর কোঠায়। যুক্তরাষ্ট্রে চলমান ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা মেসি প্রথম দুই ম্যাচেই হ্যাটট্রিকসহ পাঁচ গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। কেবল তাই নয়, সম্প্রতি অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) ছাড়িয়ে গেছেন তিনি। ১৮ গোল নিয়ে মেসি এখন বিশ্বকাপ ইতিহাসের একক শীর্ষ গোলদাতা।

এ ঐতিহাসিক অর্জন ও নিজের জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনার খ্যাতনামা সংবাদমাধ্যম ওলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের গভীর সন্তুষ্টির কথা জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এ তারকা। মেসি বলেছেন, ফুটবলার হিসেবে বা ব্যক্তিগত জীবনে ঈশ্বরের কাছে আর নতুন কোনো প্রাপ্তির প্রত্যাশা নেই তার। সৃষ্টিকর্তা তাকে সবকিছুই দিয়েছেন এবং খেলাধুলার জগতে সম্ভাব্য সব অর্জনই তার ঝুলিতে জমা হয়েছে। এখন শুধু নিজের পরিবার ও সবসময় পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

জাতীয় দলের বর্তমান পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আর্জেন্টাইন অধিনায়ক জানান, এই অসাধারণ দলটির অংশ হতে পারাটাই তার জন্য আনন্দের, যা দীর্ঘদিন ধরে দেশের মানুষকে আনন্দ দিয়ে আসছে। বর্তমান দলের প্রতিটি সদস্য অত্যন্ত ক্ষুধার্ত এবং সবাই প্রতিটা ম্যাচকে ক্যারিয়ারের প্রথম ম্যাচ মনে করে মাঠে নামে। টানা দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফি উঁচিয়ে ধরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বরাবরের মতোই মেসি বিনয়ের সঙ্গে জানান, ঈশ্বরের কাছে আরেকটি বিশ্বকাপ চাওয়া হয়তো অনেক বেশি চাওয়া হয়ে যাবে। সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছেন, তাতেই তিনি পূর্ণ তৃপ্ত।

৩৯ বছর বয়সেও বিশ্বমঞ্চে মেসির এমন অবিশ্বাস্য দাপট আর্জেন্টিনার কোটি ভক্তকে আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, মাঠের এ জাদুকর তার জাদুর ছোঁয়ায় আলবিসেলেস্তেদের আবারও বিশ্বসেরার মুকুট এনে দিতে পারেন কি না।

/এমএকে/