শিরোনাম

হলান্ডের গোলে শেষ ষোলোতে নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হলান্ডের গোলে শেষ ষোলোতে নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল
গোলের পর হলান্ডের সঙ্গে সতীর্থদের উদযাপন

ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে ছিলেন আর্লিন হলান্ড। তার আগে খেলা দুই ম্যাচেই পেয়েছিলেন গোল। এবার শেষ ৩২ রাউন্ডের ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয়সূচক গোলটি করলেন হলান্ড। আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে নরওয়ে।

ডালাসে প্রথমার্ধে এগিয়ে ছিল নরওয়ে। ম্যাচের ৩৯ মিনিটে গোলের দেখা পায় নরওয়ে। বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান আন্তনিও নুসা। প্রথমার্ধে নরওয়ের ৬ শটের বিপরীতে আইভরি কোস্ট নিয়েছে ৫ শট। তবে চারটিই ছিল ‘অফ-টার্গেট’।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলেন বেঞ্চ থেকে নামা আমাদ দিয়ালো। তার গোলে সমতায় ফিরেছে আইভরি কোস্ট। ম্যাচের ৭৪ মিনিটে অনেকটা একক কৃতিত্বে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই তারকা। এটি বিশ্বকাপে দিয়ালোর দ্বিতীয় গোল।

৮৬ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে প্যাট্রিক বার্গ তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে বল পাঠান হলান্ডের উদ্দেশে। আলতো ছোঁয়ায় সহজেই বল জালে জড়ান ম্যানচেস্টার সিটি তারকা। এবারের আসরে ৩ ম্যাচে হলান্ডের গোল হলো ৫টি।

জাতীয় দলের জার্সিতে ৫৩ ম্যাচে ৬০ গোল হলান্ডের। আন্তর্জাতিক ফুটবলে জার্মানির গার্ড মুলারের পর দ্বিতীয় দ্রুততম হিসেবে ৬০ গোলের মাইলফলক ছুঁলেন হলান্ড। জার্মানির গার্ড মুলার ৪৮ ম্যাচে করেছিলেন ৬০ গোল।

ম্যাচে গোলের উদ্দেশ্যে শট বেশি নিয়েছে আফ্রিকার দেশ আইভরি কোস্ট। ১৪টি শট নিয়েছে তারা। যার ৫টি ছিল লক্ষ্যে। নরওয়ের ৯ শটের ৪টি ছিল লক্ষ্যে।

জয়ী দল নরওয়ে শেষ ষোলোতে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।

/টিই/