শিরোনাম

মিসরের বাতিল হওয়া গোলের সিদ্ধান্ত ভুল ছিল: রেফারি বিশেষজ্ঞ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মিসরের বাতিল হওয়া গোলের সিদ্ধান্ত ভুল ছিল: রেফারি বিশেষজ্ঞ
মোস্তফা জিকোর বাতিল হওয়া গোলটি নিয়ে হচ্ছে বিতর্ক

আর্জেন্টিনার বিপক্ষে মিসরের বাতিল হওয়া গোলের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন রেফারি বিশেষজ্ঞ গ্রাহাম স্কট। ইংলিশ প্রিমিয়ার লিগে রেফারি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে স্কট। যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে দেওয়া বিশ্লেষণমূলক সাক্ষাৎকারে তিনি মোহাম্মদ সালাহর বিষয়টিও তুলে ধরেন।

গ্রাহাম স্কট বলেন, ‘আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহর সঙ্গে ফাউলের অভিযোগে মিসরের পেনাল্টির দাবিটি খারিজ করার সিদ্ধান্ত সঠিক।’ তার মতে, সালাহর বুটে সামান্য স্পর্শ হয়েছিল ঠিকই, তবে সেটি ফাউল দেওয়ার মতো পর্যাপ্ত ছিল না।

মোস্তফা জিকোর বাতিল হওয়া গোলের বিষয়ে তিনি বলেন, ‘৬৭তম মিনিটের গোলের আগে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে আত্তিয়ার যে সংঘর্ষ হয়েছিল, সেটি ছিল স্বাভাবিক শারীরিক সংস্পর্শ। এটিকে ফাউল হিসেবে ধরা উচিত হয়নি।’

গ্রাহাম স্কট আরও বলেন, ‘জিকোর গোলের আগের ঘটনাটি গোলপোস্ট থেকে প্রায় ১০০ গজ দূরে ঘটেছিল। এরপর আর্জেন্টিনার রক্ষণ গুছিয়ে নেওয়ার যথেষ্ট সময় ছিল। তাই ভিএআর পর্যালোচনার মাধ্যমে গোল বাতিল হওয়ায় মিসরের ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক।’

গ্রাহাম স্কটের ভাষায়, এটি ছিল ভিএআরের একটি বিস্ময়কর হস্তক্ষেপ এবং সংশোধনের সীমা অতিক্রম করার উদাহরণ। সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতিটি গোলের আগে আক্রমণ গড়ে ওঠার পুরো প্রক্রিয়া ভিএআর পর্যালোচনা করে। তবে কোনো গোল বাতিল করতে হলে সেখানে স্পষ্ট ফাউল থাকতে হয়, যা এই ঘটনায় ছিল না।

আর্জেন্টিনা দুই গোলে পিছিয়ে থেকেও মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

/টিই/