শিরোনাম

২০৩০ সালের বিশ্বকাপে খেলবেন নেইমার!

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
২০৩০ সালের বিশ্বকাপে খেলবেন নেইমার!
ব্রাজিলের ফুটবলার নেইমার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের একটি নতুন প্রতিক্রিয়া সেই ধারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে। তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে আবারও আশাবাদী হয়ে উঠেছেন সমর্থকেরা। অনেকের বিশ্বাস, সবকিছু অনুকূলে থাকলে ২০৩০ সালের বিশ্বকাপে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে।

সম্প্রতি নেরসোলের তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘এখনো কি সময় আছে? নেইমারের কি শেষবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে?’

ভিডিওটিতে ২০২৬ সালের নেইমারকে নিজের তরুণ সংস্করণের সঙ্গে বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়ে কথা বলতে দেখা যায়। পরে ভবিষ্যতের একটি কাল্পনিক দৃশ্যে ২০৩০ সালের বিশ্বকাপ ট্রফি হাতে নেইমারকে দেখানো হয়।

সেখানে ২০২৬ সালের নেইমার জানতে চান, তার কি আরেকবার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের চেষ্টা করা উচিত? জবাবে তরুণ নেইমার বলেন, ‘হ্যাঁ, শেষবারের মতো।’

ভিডিওটির মন্তব্যের ঘরে নেইমার একটি আবেগঘন মুখের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। আর এতেই নতুন করে শুরু হয় আলোচনা। পোস্টটি প্রকাশের ২৪ ঘণ্টারও কম সময়ে প্রায় ২০ লাখ লাইক পায়। নেইমারের এই ছোট্ট প্রতিক্রিয়াকেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন তার অনেক সমর্থক।

এদিকে, নেইমারের অবসর নিয়ে অনেক জল্পনা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। নেইমার এখনো ব্রাজিল জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি।

যদিও ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তে জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং জাতীয় দল ছাড়ার বিষয়ে তার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্রাজিল জাতীয় দলের নতুন প্রকল্পে প্রধান কোচ কার্লো আনচেলোত্তির পরিকল্পনায়ও নেইমারের নাম নেই।

/এসবি/