শিরোনাম

অবসর নিয়ে সব গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অবসর নিয়ে সব গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর নিয়ে তৈরি হওয়া সব গুঞ্জন ম্যাচ শেষে নিজেই উড়িয়ে দিয়েছেন। টরন্টো স্টেডিয়ামের বাইরে তার বোন কাতিয়া আভেইরোর দেওয়া এক বিস্ফোরক মন্তব্যে ফুটবল বিশ্বে শোরগোল পড়ে গিয়েছিল। কাতিয়া আভেইরো বলেছিলেন, এটাই রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। তবে ম্যাচ জয়ের পর ৪১ বছর বয়সী কিংবদন্তি জানিয়েছেন, আবেগের বশে তিনি কোনো সিদ্ধান্ত নেন না।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে পর্তুগিজ অধিনায়ক বলেন, এই মুহূর্তে তার ভবিষ্যৎ কোনো বড় বিষয় নয়। জিতি বা হারি, টুর্নামেন্ট শেষে পরিবারের সঙ্গে কথা বলেই সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেই সিদ্ধান্ত নেবেন। সবকিছু শান্ত মাথায় করতে চান উল্লেখ করে সিআরসেভেন জানান, বর্তমান মুহূর্তটি উপভোগ করাই এখন তার মূল লক্ষ্য। অথচ ম্যাচ শুরুর ঠিক আগে বোন কাতিয়া স্টেডিয়ামে এসে জোর দিয়ে দাবি করেছিলেন, তার কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী সমর্থকরা এবারই জাতীয় দল থেকে বিদায় জানাতে পারেন এই তারকাকে।

মাঠের লড়াইয়ে অবশ্য মাঠের বাইরের আলোচনার কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেননি রোনালদো। টরন্টোতে রাউন্ড অব বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দল পিছিয়ে পড়ার পর পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে পর্তুগালকে সমতায় ফেরান তিনি। আর এই গোলের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে গোলের দেখা পেলেন সিআরসেভেন। পরবর্তীতে ম্যাচের ৯৪ মিনিটে গনসালো রামোসের নাটকীয় গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। পরবর্তী ধাপে তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

/এমএকে/