শিরোনাম

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, ক্ষমা চাইলেন অধিনায়ক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, ক্ষমা চাইলেন অধিনায়ক
ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওস। ছবি: গোল ডটকম

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। হেক্সা জয়ের স্বপ্ন ভঙ্গের এই বিষাদময় রাতে বিশ্বজুড়ে কোটি সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন সেলেসাও অধিনায়ক মার্কিনিওস। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে হারের সব দায় নিজের কাঁধে তুলে নিয়ে দলের তরুণ ফুটবলারদের চাপমুক্ত রাখার আকুতি জানান এ অভিজ্ঞ ডিফেন্ডার।

কান্নাভেজা কণ্ঠে ব্রাজিলীয় অধিনায়ক বলেন, মাঠে এসে যারা দলকে সমর্থন দিয়েছেন এবং দেশজুড়ে যারা পাশে ছিলেন, সবার কাছেই তিনি ক্ষমাপ্রার্থী। দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় হিসেবে এ ব্যর্থতার দায় তিনি নিজেই নিচ্ছেন, যেন তরুণ প্রজন্মের ওপর বাড়তি চাপ না পড়ে। তারা শান্তিতে কাজ করার সুযোগ পায়। নিজের ভুল স্বীকার করে মার্কিনিওস জানান, এ ধাক্কা থেকে শিক্ষা নিয়ে আগামী চার বছর কঠোর পরিশ্রম করতে হবে, যাতে পরবর্তী বিশ্বকাপে দল বড় কিছু অর্জন করতে পারে। একই সঙ্গে নতুন প্রজন্মের ফুটবলারদের ওপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল সেলেসাওরা। তবে দ্বাদশ মিনিটে ব্রুনো গিমারাইসের নেওয়া পেনাল্টি শট রুখে দেন নরওয়ের গোলরক্ষক। এরপর তরুণ স্ট্রাইকার এন্দ্রিকও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন। বিপরীতে, মেটলাইফ স্টেডিয়ামে নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ডের জোড়া গোলে জয় নিশ্চিত করে ভাইকিংরা। সুযোগ নষ্টের এমন খেসারত নিয়ে অধিনায়ক বলেন, বিশ্বকাপ এমন এক মঞ্চ যেখানে কম ভুল করা দলই পরের পর্বে যায়। নরওয়ে তাদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগালেও ব্রাজিল পেনাল্টিসহ বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেও তা হেলায় হারিয়েছে।

/এমএকে/