মেসিকে টপকে রোনালদোর রেকর্ডের দিকে ছুটছেন হ্যারি কেইন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসিকে টপকে রোনালদোর রেকর্ডের দিকে ছুটছেন হ্যারি কেইন
হ্যারি কেইন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজের সেরা সময় পার করছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। একের পর এক গোল করে ভাঙছেন পুরোনো রেকর্ড, গড়ছেন নতুন ইতিহাস। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়ন্স লিগে গোলসংখ্যায় বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন এ বায়ার্ন তারকা। এখন তার সামনে হাতছানি দিচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আরও একটি অনন্য রেকর্ডে ভাগ বসানোর সুযোগ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ইউরোপ সেরার মঞ্চে ভাইকিংয়ের মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়। দুই গোলে পিছিয়ে পড়া বায়ার্নকে ম্যাচে ফেরান হ্যারি কেইন। ম্যাচের ৫৪তম মিনিটে পেনাল্টি শটে ব্যবধান কমান তিনি। এর ঠিক ছয় মিনিট পর চমৎকার এক হেডে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে সমতায় ফেরান ইংলিশ অধিনায়ক। পরবর্তীতে লুইস দিয়াজ গোল করে দলকে এগিয়ে নিলেও শেষ মুহূর্তের গোল হজম করে জয় হাতছাড়া হয় বায়ার্নের।

তবে দুই গোলের মাধ্যমেই চ্যাম্পিয়ন্স লিগের নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন কেইন। ৩০ বছর বয়সের পর ৪০টি ম্যাচ খেলে তার বর্তমান গোলসংখ্যা ৩৬। এ সময়ে ৪৮টি ম্যাচ খেলে ৩৫টি গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অর্থাৎ মেসির চেয়ে আটটি ম্যাচ কম খেলে তাকে পেছনে ফেললেন বায়ার্ন তারকা। তবে ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল করার বিশ্বরেকর্ডটি এখনও ক্রিশ্চিয়ানো রোনালদোর ঝুলিতেই। ৬৮ গোল করতে তিনি খেলেছেন ৭৪ ম্যাচ।

শুধু মেসিকে ছাড়িয়ে যাওয়াই নয়, চ্যাম্পিয়ন্স লিগে টানা ম্যাচে গোল করার দিক থেকেও রোনালদোর দিকে দ্রুত এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে জালের দেখা পেয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা নয় ম্যাচে গোল করার দারুণ এক নজির গড়েছেন তিনি। এ তালিকায় বর্তমানে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়ের পাশাপাশি অবস্থান করছেন কেইন।

চ্যাম্পিয়ন্স লিগে টানা সর্বোচ্চ ১১টি ম্যাচে গোল করার রেকর্ডটি রোনালদোর দখলে। আগামী সপ্তাহে ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। ওই ম্যাচে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। আর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লক্ষ্যভেদ করতে পারলে রোনালদোর এ রেকর্ড ছুঁয়ে ফেলার সুবর্ণ সুযোগ থাকবে ৩৩ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ডের সামনে।

/এমএকে/