শিরোনাম

নেইমারকে ছাড়াই চলছে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
নেইমারকে ছাড়াই চলছে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়রের পেশির চোটের কারণে তাকে ছাড়াই নিউ জার্সির মরিসটাউনে জোরকদমে প্রস্তুতি সারছে সেলেসাওরা। গ্রেড-২ মাসল টিয়ারে আক্রান্ত এ ফরোয়ার্ড বর্তমানে মাঠে ফেরার লক্ষ্যে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

রবিবার (১৪ জুন) নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে লাতিন আমেরিকার পরাশক্তিরা। তবে বিশ্বকাপ ক্যাম্পের বুধবারের (১০ জুন) অনুশীলনেও অনুপস্থিত ছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। গত মাসে সান্তোসের হয়ে খেলার সময় পাওয়া চোটের কারণে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার খেলা একপ্রকার অসম্ভব। এমনকি গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষেও এ তারকা ফরোয়ার্ডের মাঠে নামা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নেইমারের অনুপস্থিতি সত্ত্বেও দলের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ব্রাজিলের সাবেকরা ফুটবলাররা। ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জিনহো মনে করেন, ব্রাজিল এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট না হলেও, দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা একসঙ্গে দুর্দান্ত একটি দল গড়ে তুলতে সক্ষম এবং এবার তাদের শিরোপা জেতার ভালো সুযোগ রয়েছে।

এদিকে বিশ্বকাপ প্রস্তুতির ব্যস্ততার মাঝেই বুধবার দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন উদযাপন করেছে ফুটবলাররা। দীর্ঘ ২৪ বছরের শিরোপা খরা কাটিয়ে দলকে ষষ্ঠ ট্রফি এনে দেওয়ার গুরুদায়িত্বে থাকা এ মাস্টারমাইন্ডকে মাঠেই ঐতিহ্যবাহী গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয়। বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া অবশ্য রসিকতা করে বলেন, কোচের জন্মদিনে প্রথাগত উদযাপনের চেয়ে তারা কিছুটা নরম ছিলেন এবং গার্ড অব অনারের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় কোচকে কেউ স্পর্শও করেনি।

/এমএকে/