শিরোনাম

বিশ্বকাপের ফাইনাল দেখতে মাঠে থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের ফাইনাল দেখতে মাঠে থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। হাইভোল্টেজ এ ম্যাচে খেলোয়াড়দের সরাসরি সমর্থন জোগাতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

স্পেনের রাজপ্রাসাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ঐতিহাসিক এ ফাইনালে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া এবং তাদের দুই মেয়েও উপস্থিত থাকবেন। তবে এক অদ্ভুত কুসংস্কারের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই গ্যালারিতে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ফাইনাল ম্যাচের গ্যালারি একই সঙ্গে ক্রীড়ামোদী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের এক অনন্য মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে। কারণ ম্যাচটি উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। তবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সম্পর্ক দীর্ঘদিনের টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ট্রাম্পের একজন সোচ্চার সমালোচক হিসেবে পরিচিত সানচেজ অতীতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেননি। এছাড়াও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মার্কিন অভিযানেরও তীব্র নিন্দা জানিয়েছিলেন।

দুই নেতার সম্পর্কের এ তিক্ততার কারণে চলতি মাসের শুরুতে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প স্পেনকে একটি 'বাজে সহযোগী' হিসেবে আখ্যা দেন এবং দেশটির সাথে বাণিজ্য বন্ধের হুমকিও দেন। তবে দুই দেশের মধ্যকার এ কূটনৈতিক শীতলতা কিছুটা কমিয়ে আনার বিষয়ে আগ্রহী মনে হয়েছে স্প্যানিশ প্রধানমন্ত্রীকে। শীর্ষ সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক। এমনকি সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে ফুটবল নিয়ে তার অনানুষ্ঠানিক ও সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে এবং সেখানে কোনো ধরনের উত্তেজনার আবহ ছিল না।

/এমএকে/