শিরোনাম

১০ জনের দল নিয়ে পাকিস্তানকে আটকে দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১০ জনের দল নিয়ে পাকিস্তানকে আটকে দিলো বাংলাদেশ
বাংলাদেশ-পাকিস্তান ফুটবল দল। ছবি: বাফুফে

চার জাতি ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে সোমবার (১ জুন) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচের ৬২ মিনিটে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। মঞ্জুরুর রহমানকে রেফারি লাল কার্ড দেখান। যদিও ফাউলের ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন না। এজন্য বাংলাদেশের ফুটবলাররা প্রতিবাদ করলেও কোনো প্রতিকার হয়নি।

দারুণ খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ।

মালদ্বীপ ফুটবলের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। স্বাগতিকদের পাশাপাশি টুর্নামেন্টের আরেক দল হলো আফগানিস্তান।

বাংলাদেশ ছাড়া বাকি তিন দেশের জাতীয় দল অংশ নিয়েছে। আগামী শুক্রবার (৫ জুন) সান ম্যারিনোর বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ থাকায় এই টুর্নামেন্টে খেলছে অনূর্ধ্ব-২৩ দল।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার (৪ জুন) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

/টিই/