শিরোনাম

‘মিসরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘মিসরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’
ছাদখোলা বাসে সংবর্ধনা মিসর ফুটবল দলকে। ছবি: রয়টার্স

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্তের মহানাটকীয়তায় হেরে বিদায় নিলেও, বীরের বেশে দেশে ফিরেছে মিসর ফুটবল দল। আটলান্টায় অনুষ্ঠিত শেষ ১৬-এর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও রেফারি ও ভিএআরের কিছু বিতর্কিত সিদ্ধান্তে এবং শেষ মুহূর্তের ঝড়ে ৩-২ গোলে হারতে হয় তাদের। তবে এ হার তাদের লড়াকু মনোভাবকে ম্লান করতে পারেনি। দেশবাসীর চোখে মোহাম্মদ সালাহ ও মোস্তাফা জিকোরা এখন ‘জাতীয় বীর’। নিজেদের ফুটবল ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করে শুক্রবার (১০ জুলাই) স্বদেশে পা রাখতেই ছাদখোলা বাসে রাজসিক সংবর্ধনা দেওয়া হয় পুরো দলকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ফেরা খেলোয়াড়দের স্বাগত জানাতে এল আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো ফুটবলপ্রেমী ভিড় জমান। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান আর ‘মিসরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখরিত হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা। সমর্থকদের হাতে ছিল দলের প্রাণভোমরা ও অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবি। ছবির নিচে লেখা ছিল কৃতজ্ঞতাসূচক ‘ধন্যবাদ’। পাশাপাশি, বিশ্বকাপে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সংহতি জানানোয় প্রধান কোচ হোসাম হাসানের পোস্টারগুলো ফিলিস্তিনের পতাকায় মুড়িয়ে এনেছিলেন সমর্থকেরা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর একটি বিশেষ ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করানো হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে লাখো মানুষ তাদের অভিবাদন জানান।

ইতিহাস গড়া এ বিশ্বকাপ সফরের স্বীকৃতিস্বরূপ শনিবার (১১ জুলাই) খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের বিশেষ সংবর্ধনা দেবেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এবারের আসরেই চারবারের চেষ্টায় বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে উত্তর আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে বিদায় করে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছিল তারা। শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও, সালাহ-বাহিনীর লড়াকু ফুটবল বিশ্বমঞ্চে কোটি ভক্তের মন জয় করে নিয়েছে।

/এমএকে/